ফলতায় জাহাঙ্গিরের মুক্তির দাবিতে ধুন্ধুমার, স্ত্রীর বিরুদ্ধে এফআইআর ও গ্রেফতার আট!
তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা। দুর্নীতি ও অপরাধমূলক কাজের অভিযোগে রাজ্য পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেফতার হওয়া জাহাঙ্গিরকে পুলিশি হেফাজতে থাকাকালীন কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর প্রতিবাদে রাস্তায় নামেন তাঁর অনুগামীরা। জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বে অনুগামীরা থানা ঘেরাওয়ের উদ্যোগ নিলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এই ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ইতিমধ্যেই আট জনকে গ্রেফতার করেছে এবং জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা বিবিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আবাস যোজনা ও সরকারি প্রকল্পের অর্থ তছরুপ, লুটপাট এবং মারধরের মতো একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত জাহাঙ্গিরকে সম্প্রতি উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। পুলিশের এই কঠোর অবস্থানের জেরে এলাকা আপাতত নিয়ন্ত্রণে থাকলেও, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির অন্দরমহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।