এআই থেকে ডার্ক ওয়েব, আধুনিক প্রশিক্ষণে রাজ্য পুলিশের দুর্দান্ত চমক!
অপরাধের ক্রমবর্ধমান ধরন ও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমবঙ্গ পুলিশ আধিকারিকদের আরও দক্ষ করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষর করল রাজ্য সরকার। এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আইপিএস, ডব্লিউপিএস, ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি উৎসাহী পড়ুয়ারাও প্রশিক্ষণের সুযোগ পাবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), ফরেন্সিক সায়েন্স, বর্ডার ইন্টেলিজেন্স এবং নারী পাচার রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত তদন্তকারী আধিকারিকদের প্রযুক্তিগতভাবে একধাপ এগিয়ে রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে সাইবার অপরাধ দমন, নিখুঁত ফরেন্সিক তদন্ত, সীমান্ত সুরক্ষা এবং নারী নিরাপত্তায় পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রশাসন।