শিলিগুড়িতেই তৈরি হচ্ছে এইমস, উত্তরবঙ্গের জন্য বিশাল সুখবর!

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি মেনে শিলিগুড়ি লাগোয়া এলাকায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস হাসপাতাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের নতুন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, প্রকল্পের জন্য শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। একটি পূর্ণাঙ্গ এইমস হাসপাতালের জন্য ১৫০ থেকে ২০০ একর জমির প্রয়োজন, যেখানে ৭৫০ থেকে ১০০০ শয্যার হাসপাতাল ও আবাসনসহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। সরকারি স্তরে বর্তমানে প্রস্তাবিত জমিগুলো খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত স্থানগুলো সরকারি জমি হওয়ায় আইনি জটিলতার আশঙ্কা কম। এর মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দরের সান্নিধ্যের কারণে ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা পঞ্চায়েতের আমবাগান এলাকাটি অগ্রাধিকার পাচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালে রায়গঞ্জে এইমস তৈরির পরিকল্পনা নেওয়া হলেও জমিজটের কারণে প্রকল্পটি অন্য স্থানে স্থানান্তরিত হয়েছিল। নতুন এই উদ্যোগে আটটি জেলাসহ পার্শ্ববর্তী রাজ্য ও প্রতিবেশী দেশের বাসিন্দারা উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *