বর্ষার আগেই কি তবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে হাওড়াবাসী!
বর্ষা নামার আগেই হাওড়া শহরের সমস্ত ছোট-বড় নালা ও ক্যানাল পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বৃহস্পতিবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্ষায় জল জমা ও এর ফলে সৃষ্ট সমস্যা মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গত বছরগুলোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে শহরের প্রতিটি লাইটপোস্ট সুরক্ষিত রাখা এবং কোথাও কোনো লিকেজ না থাকার বিষয়টি নিশ্চিত করতে বিদ্যুৎ ও পুর আধিকারিকদের নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই, বিধায়ক রুদ্রনীল ঘোষ, সঞ্জয় সিং ও জেলাশাসক পি দীপাপ প্রিয়া উপস্থিত ছিলেন। জল নিষ্কাশন ও নাগরিক সুরক্ষার প্রস্তুতির পাশাপাশি মন্ত্রী রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বর্ষার মরসুমে সাধারণ মানুষকে বিপদে ফেলে শাসকদলের প্রতিনিধিদের সরে যাওয়া সরকারকে অপদস্ত করার একটি পরিকল্পিত ছক। তবে কোনো প্রতিকূলতাই সাধারণ মানুষের পরিষেবা ব্যাহত করতে পারবে না এবং প্রশাসন সব পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত বলে তিনি জানান। এছাড়াও তিনি ইঙ্গিত দেন যে, দুর্গাপূজার পরেই হাওড়া পুরসভার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।