৫৩৪ কোটির অ্যাকাউন্ট ফ্রিজ? তীব্র আতঙ্কে কালীঘাট!
ভোট পরবর্তী রাজনৈতিক সংকটের মুখে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল এখন চরমে। দলের নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে বিবাদের মধ্যেই তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস দলের প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ বা ‘ফ্রিজ’ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছেন। দলের নিয়ন্ত্রণাধীন প্রায় ৫৩৪ কোটি টাকার তহবিলের ওপর একক আধিপত্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। ব্যাংকিং নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের অ্যাকাউন্ট বন্ধের ক্ষেত্রে সকল অনুমোদিত স্বাক্ষরকারীর যৌথ আবেদন অথবা আদালতের নির্দেশের প্রয়োজন হয়। অরূপ বিশ্বাস এককভাবে এই আবেদন জানানোয় তা কার্যকর হওয়া নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বাধীন বিরোধী গোষ্ঠী বিধায়কদের স্বাক্ষর সংগ্রহ করে এবং আইনি অভিযোগ দায়েরের মাধ্যমে পাল্টা কৌশল গ্রহণ করেছে। দলের বিশাল এই তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা ঘিরেই এখন তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।