জঙ্গি গোষ্ঠীর নতুন আস্তানা টেলিগ্রাম, বিস্ফোরক তথ্য আদালতে!
দেশের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে বর্তমানের ‘নতুন ডার্ক ওয়েব’ বলে অভিহিত করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্টে জমা দেওয়া এক হলফনামায় কেন্দ্র জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড, সাইবার ক্রাইম এবং জঙ্গি গোষ্ঠীর চক্রান্তের নিরাপদ চারণভূমি হয়ে উঠেছে এই অ্যাপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজর এড়িয়ে চলতে দুষ্কৃতীরা এই প্ল্যাটফর্মের অতিরিক্ত গোপনীয়তা ও পরিচয় গোপনের সুবিধাকে কাজে লাগাচ্ছে। নিটের প্রশ্নপত্র ফাঁস, মাদক পাচার, শিশুদের যৌন নির্যাতন, আর্থিক জালিয়াতি এবং সন্ত্রাসবাদী প্রচারের মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে টেলিগ্রাম ব্যবহারের প্রমাণ মিলেছে বলে সরকারের তরফে জানানো হয়েছে।
তদন্তের ক্ষেত্রে টেলিগ্রামের গঠনপ্রণালী ও প্রাইভেসি সেটিংস বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকারের দাবি, এই অ্যাপের ক্লাউড-ভিত্তিক কাঠামোয় অ্যাকাউন্ট মুছে ফেললে যাবতীয় ডেটা ধ্বংস হয়ে যায়, যার ফলে অপরাধের উৎস খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। এছাড়া, ক্ষতিকর বট এবং ভুয়ো পরিচয়ে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার ছড়ানো ও ‘মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট’ কেনাবেচার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সেইসঙ্গে কপিরাইটযুক্ত কনটেন্ট পাইরেসির মাধ্যমেও নির্মাতারা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।