আয়ুষ্মান ভারত কার্ড বাতিলের ঝুঁকি! আবেদনের আগে এই ভুলগুলি এড়িয়ে চলুন
রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে আয়ুষ্মান ভারত যোজনা চালুর পর থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। গত চার দিনের জনকল্যাণ শিবিরে ২২ লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বাৎসরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেতে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ করা যাচ্ছে।
তবে কার্ড প্রদানের আগে কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে আবেদন বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। আবেদনপত্রে উল্লিখিত নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্যের হুবহু মিল থাকা বাধ্যতামূলক। ফর্ম পূরণের সময় অসাবধানতাবশত ভুল তথ্য প্রদান বা কোনো তথ্য গোপন করলে তা যাচাইয়ের সময় ধরা পড়বে এবং আবেদন সরাসরি খারিজ হয়ে যাবে। তাই এই স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা লাভের জন্য চূড়ান্ত আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।