লক্ষ লক্ষ কর্মসংস্থান, ‘মেড ইন ইন্ডিয়া’ যুদ্ধজাহাজে নয়া দিশা!
‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পের হাত ধরে দেশে লক্ষ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্য কেন্দ্রের
দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত এখন আর কেবল ক্রেতা নয়, বরং বিশ্বমানের ‘নির্মাতা’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। তাঁর মতে, নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়লে ভারত বিশ্বমঞ্চে একজন প্রকৃত সিদ্ধান্তপ্রণেতা হয়ে উঠবে।
প্রতিরক্ষা খাতে ভারতের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছরে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। বর্তমানে আরও ৪৫টি বড় নৌ-প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। কেন্দ্রের দাবি, প্রতিরক্ষা সরঞ্জামের এই দেশীয় উৎপাদন শুধু সামরিক শক্তির বিকাশ নয়, বরং এটি উন্নত ভারতের লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি বড় ইঞ্জিন হিসেবে কাজ করবে।