মরণফাঁদ! মান পরীক্ষায় ডাহা ফেল ১৫৭টি জীবনদায়ী ওষুধ
দেশের রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত ১৫৭টি ওষুধের নমুনা সেন্ট্রাল ড্রাগস অ্যান্ড ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। চলতি বছরের মে মাসে সংগৃহীত নমুনার ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, প্যারাসিটামল, প্রেশার, ডায়াবেটিস, গ্যাসের ওষুধসহ বহু প্রয়োজনীয় ওষুধ নির্ধারিত গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কিছু ওষুধে প্রয়োজনীয় ‘ড্রাগ সল্ট’-এর উপস্থিতি সঠিক পরিমাণে নেই, আবার কিছু ওষুধের ফর্মুলেশন বা সংমিশ্রণেও গুরুতর ভুল রয়েছে।
মান পরীক্ষায় ব্যর্থ হওয়া তালিকায় জ্বর ও ব্যথানাশক ওষুধসহ ডেক্সট্রোমেথরফান সিরাপ, টিওট্রোপিয়াম ইনহেলার, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, মেটফর্মিন, গ্লাইমিপিরিড, টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, অ্যাসপিরিন ও রোসুভাস্টাটিনের মতো বহুল ব্যবহৃত ওষুধগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া সিপলা ও সান ফার্মার মতো প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত ওআরএস, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল স্পিরিট এবং ব্যান্ডেজের মতো নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যা জনস্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি করেছে।