দুর্নীতির পর্দাফাঁস, রাজ্যের সব দপ্তরে এবার আসছে ‘শ্বেতপত্র’!
রাজ্যের বর্তমান আর্থিক সংকট ও বিগত সরকারের আমলের দুর্নীতি নিয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিধানসভার বাদল অধিবেশনে বাজেট বক্তৃতার জবাবি ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে, বিগত সরকারের আমলের সমস্ত দপ্তরের কাজের ওপর একটি পূর্ণাঙ্গ ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। পাশাপাশি, বিভিন্ন দপ্তরের জন্য আসা অডিট রিপোর্টও জনসমক্ষে আনা হবে। ঋণের ভার কেন বেড়েছে এবং কোন কোন দপ্তরের অনিয়মের কারণে কোষাগারের এই দশা, তা সাধারণ মানুষের সামনে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে মালদা এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি বিলি, জলাভূমি রক্ষা আইন অমান্য করে ওয়েটল্যান্ড দুর্নীতি এবং সাইবার ক্রাইম ও ভুয়ো এসসি/এসটি সার্টিফিকেট প্রদানের মতো অভিযোগগুলো তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন। অন্যদিকে, রাজ্যের আয়ের উৎস নিয়ে তিনি জানান, কেন্দ্রীয় প্রকল্পগুলো সঠিকভাবে রূপায়ণের মাধ্যমে প্রায় ৬০ হাজার কোটি টাকার অর্থ সাহায্য পাওয়া সম্ভব হয়েছে এবং কয়লা, বালি ও পাথর খাদানগুলো থেকে আগের তুলনায় বেশি রাজস্ব আদায়ের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।