পাসপোর্ট করতে এবার গুনতে হবে বাড়তি টাকা, জেনে নিন নতুন ফি!
দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্ট তৈরির ফি বাড়াল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই বর্ধিত ফি কার্যকর হতে চলেছে। ফলে ওই তারিখের পর থেকে পাসপোর্ট সংক্রান্ত যেকোনো আবেদন করলে সাধারণ গ্রাহকদের আগের তুলনায় বাড়তি টাকা গুনতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ থেকে বেড়ে ২,৫০০ টাকা এবং ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের ফি ৩,৫০০ থেকে বেড়ে ৫,০০০ টাকা হয়েছে। এছাড়া ৬০ পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে ২,০০০ টাকার পরিবর্তে ৩,৫০০ টাকা এবং ৬০ পাতার তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে ৪,০০০ টাকার পরিবর্তে ৬,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও বর্ধিত ফি প্রযোজ্য হবে।
১৮ বছরের কম বয়সী বা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩৬ পাতার পাসপোর্ট পেতে এখন থেকে ১,৭৫০ টাকা এবং তৎকাল পরিষেবার জন্য ৪,২৫০ টাকা দিতে হবে। পাশাপাশি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), পাসপোর্ট সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের ভেরিফিকেশনের জন্য দেশ থেকে আবেদনের ক্ষেত্রে ৭৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে, যা বিদেশে বসবাসরত ভারতীয়দের জন্য ৫০ মার্কিন ডলার বা প্রায় ৩,৭০০ টাকা। তবে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে যে, পাসপোর্ট কোনোভাবেই নাগরিকত্বের বা পরিচয়পত্রের প্রমাণ নয়, এটি কেবলমাত্র ভ্রমণের একটি নথি।