১ জুলাই থেকে বাড়বে পাসপোর্টের খরচ, পকেটে টান সাধারণ মানুষের!

আগামী ১ জুলাই থেকে পাসপোর্টের আবেদন ও নবীকরণের ফি বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মের চতুর্থ তফসিলে সংশোধন এনে এই নতুন ফি কাঠামো কার্যকর করা হচ্ছে। এর ফলে সাধারণ ও তৎকাল—উভয় মাধ্যমেই পাসপোর্ট পাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা নিয়মিত ভ্রমণকারী ও নতুন আবেদনকারীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। তবে আগামী ৩০ জুন পর্যন্ত পুরোনো ফি কাঠামোই বহাল থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি ১,৫০০ থেকে বেড়ে ২,৫০০ টাকা এবং তৎকাল পরিষেবার ফি ৩,৫০০ থেকে বেড়ে ৫,০০০ টাকা করা হয়েছে। ৬০ পৃষ্ঠার জাম্বো পাসপোর্টের সাধারণ ফি ২,০০০ থেকে বেড়ে ৩,৫০০ টাকা এবং তৎকাল ফি ৪,০০০ থেকে বেড়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে প্রাপ্তবয়স্কদের ৩৬ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ ৫,০০০ টাকা ও তৎকাল ৭,৫০০ টাকা জরিমানা দিতে হবে। তবে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং ৮ বছরের কম বয়সী শিশুদের জন্য নতুন পাসপোর্টের আবেদনে ১০ শতাংশ ছাড় বহাল রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও সারেন্ডার সার্টিফিকেটের ফি বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *