তারাতলা বিপর্যয়ের জেরে নড়েচড়ে বসল প্রশাসন, ৩ পুর এলাকায় হাইরাইজ অডিটের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর!
তারাতলায় বহুতল বিপর্যয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের হাইরাইজ ও বাণিজ্যিক ভবনগুলোতে বিশেষ অডিট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে এই বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতা, রাজারহাট-নিউ টাউন, সোনারপুর ও বজবজের পাশাপাশি এবার দক্ষিণ দমদম, বরাহনগর এবং কামারহাটি এলাকাকেও এই বিশেষ অডিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, ভবনের প্ল্যান খতিয়ে দেখার জন্য বিশেষ অডিট টিম গঠন করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কলকাতার নির্মীয়মাণ বহুতলগুলোর অডিট আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী, ‘জি প্লাস ফাইভ’ (G+5) বা তার চেয়ে বেশি উঁচু ভবনকেই ‘হাইরাইজ’ হিসেবে গণ্য করা হবে। একইসঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে সমস্ত হাইরাইজ ভবনে ‘ফায়ার অ্যান্ড লাইটনিং অ্যারেস্টার’ অডিট বাধ্যতামূলক করা হয়েছে। অডিট রিপোর্টে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে এবং যথাযথ সংশোধনী সাপেক্ষে ভবনগুলোকে ছাড়পত্র দেওয়া হবে। তবে সাধারণ আবাসনের সংস্কার বা রেনোভেশন এই অডিটের আওতাভুক্ত নয়।