লাল গাড়িতে যুগলের বীভৎস দেহ, রহস্যময় মৃত্যুতে কাঁপছে মধ্যপ্রদেশ!
মধ্যপ্রদেশের অশোকনগরে নির্জন রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ির ভেতর থেকে ২৬ বছর বয়সী ঋত্বিক সোনি এবং ২৪ বছর বয়সী মুসকান জৈনের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৩টে নাগাদ মাহানা গ্রামের কাছে ইশাগড় রোডের পাশে গাড়িটির ভেতর যুবকের মাথায় গুলির ক্ষত এবং তরুণীর গলার নলি কাটা অবস্থায় দেহ দুটি পাওয়া যায়। উদ্ধার হওয়া পিস্তল, রক্তমাখা কুড়ুল, করাত, বিষের প্যাকেট ও একটি চিরকূটকে কেন্দ্র করে এই রহস্যময় ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ চিরকূটের সূত্র ধরে ঋত্বিক প্রথমে মুসকানকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করলেও, মৃতের পরিবারের সদস্যরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছেন। ঋত্বিকের বাবা ও মুসকানের পরিবারের দাবির প্রেক্ষিতে ঘটনার তদন্তে ছয় সদস্যের একটি বিশেষ দল (এসআইটি) গঠন করা হয়েছে। ফরেন্সিক দল অকুস্থল থেকে তিনটি মোবাইল ফোন, টুপি, লাইটারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং এখন ময়নাতদন্তের রিপোর্ট ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের অপেক্ষা করছে পুলিশ।