জলবন্দি হাওড়ায় দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি রুদ্রনীলের!

বর্ষা শুরুর আগেই জলমগ্ন হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা। শুক্রবার নিকাশি সমস্যা খতিয়ে দেখতে জগাছার ৮৭ নম্বর চ্যাংড়া জলা এলাকা পরিদর্শন করলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ। বিধায়কের সঙ্গে এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাওড়ার পুর কমিশনার তেজস্বী রানা এবং পুরসভার ইঞ্জিনিয়াররা। এলাকাটি নিচু হওয়ায় বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকে এবং বর্ষায় অন্তত ৫০০ পরিবার পুরোপুরি বন্দি দশা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

পরিদর্শনকালে বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, জলনিকাশি ব্যবস্থার উন্নতির জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দ্রুত জমা জল নিষ্কাশনের কাজ শুরু হবে। হাওড়ার এই দুরবস্থার জন্য বিগত দিনের তৃণমূল ও বাম আমলের পুর বোর্ডকে দায়ী করে বিধায়ক আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত সমস্যাটির স্থায়ী সমাধানের পথ খুঁজছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *