ভুয়ো জাতিগত শংসাপত্র নিলেই সোজা জেল, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর!

বাঁকুড়ার মুকুটমণিপুরে আয়োজিত হুল দিবসের মঞ্চ থেকে রাজ্যে ভুয়ো এসটি (ST) শংসাপত্র প্রদান নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় ইস্যু করা হাজার হাজার ভুয়ো শংসাপত্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার কথা জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, এই দুর্নীতিতে জড়িতদের কাউকেই রেহাই দেওয়া হবে না। তিনি জানান, বর্তমানে সংশ্লিষ্ট দফতর ইতিমধ্যে এই শংসাপত্রগুলো নিয়ে তদন্ত শুরু করেছে এবং দোষী প্রমাণিত হলে সার্টিফিকেট প্রদানকারী ও গ্রহণকারী উভয়কেই জেলে পাঠানো হবে।

আদিবাসী উন্নয়নের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার আদিবাসীদের সংরক্ষণ নীতিকে অবজ্ঞা করে তাঁদের স্থায়ী চাকরির পরিবর্তে চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োগ করেছিল। বর্তমান সরকার আদিবাসীদের জল, জমি ও জঙ্গলের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে তিনি দাবি করেন। পাশাপাশি, আগামী ১ জুলাই থেকে রাজ্যের প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান শুরু হবে বলেও তিনি ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *