একুশে জুলাইয়ের সভা ঘিরে বড় বিপত্তি, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল!
July 11, 2026
ধর্মতলায় একুশে জুলাইয়ের ঐতিহ্যবাহী সমাবেশের অনুমতি সরাসরি খারিজ করেছে কলকাতা পুলিশ। ব্যস্ততার কারণ দেখিয়ে পুলিশের এই কড়া বার্তার পর সভার অনুমতির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। অন্যদিকে, এই সভার বিকল্প স্থান হিসেবে গান্ধীমূর্তির পাদদেশে অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করেছেন ঋতব্রতপন্থীরা।
ছাব্বিশের নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এই রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবারের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের কাছে শক্তি প্রদর্শনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। নিজেদের কর্মীদের এককাট্টা করে সংগঠনকে মজবুত করার পরিকল্পনা থাকলেও, সভার স্থান নিয়ে আইনি জটিলতা এবং পুলিশের এফআইআরের কারণে এই মেগা ইভেন্ট এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।