অবশেষে কাটল জট, উচ্চ প্রাথমিকে ১১৭৭ জনের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা!
দীর্ঘ এক দশকের আইনি জটিলতা ও প্রশাসনিক টানাপোড়েনের পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১১৭৭ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুলাই থেকে শুরু হয়ে এই প্রক্রিয়া চলবে ৩০ জুলাই পর্যন্ত। বিধাননগরের ‘আচার্য সদন’-এ প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে এই কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় মূল নথিপত্র ও প্রমাণপত্র সঙ্গে নিয়ে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া নানা আইনি জটিলতায় দীর্ঘদিন ঝুলে ছিল। মেধা তালিকাভুক্ত ১২,৭২৩ জন প্রার্থীর মধ্যে বেশিরভাগের নিয়োগ সম্পন্ন হলেও ১২৪১ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে ১১৭৭ জনের কাউন্সেলিংয়ের অনুমোদন পাওয়া গিয়েছে, যদিও এখনও ৬৪টি পদে নিয়োগ বাকি থাকছে। নিয়োগের এই নতুন সূচি ঘোষিত হওয়ায় দীর্ঘদিনের লড়াইরত চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।