জন্ম-মৃত্যু নথি নিয়ে বড় পদক্ষেপ, এবার পুনর্যাচাইয়ে নামছে সরকার!
জন্ম ও মৃত্যু শংসাপত্র প্রদানে জনপ্রতিনিধিদের ক্ষমতা প্রত্যাহার করল রাজ্য সরকার
কলকাতা, ২৪ জুলাই: ব্যাপক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করার ক্ষমতা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এখন থেকে এই শংসাপত্র দেওয়ার পূর্ণ দায়িত্ব সরকারি আধিকারিকদের হাতে ন্যস্ত থাকবে। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি, ১৯৯৭ সাল থেকে পঞ্চায়েত এবং ২০০০ সাল থেকে পুরসভাগুলির মাধ্যমে ইস্যুকৃত সমস্ত শংসাপত্র পুনর্যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে যে, প্রায় ৪৬,৯৯৮টি ‘ডিলেড’ সার্টিফিকেটের মধ্যে ২৫ শতাংশ এবং ডিজিটাইজড ১১ লক্ষ ২৪ হাজার সার্টিফিকেটের মধ্যে ১ লক্ষ ৮০ হাজার সার্টিফিকেটই ভুয়ো। রাজনৈতিক স্বার্থে জনপ্রতিনিধিদের একাংশ এই ক্ষমতা ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে জেলাশাসকদের তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নাম শীঘ্রই স্বাস্থ্যদপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এছাড়া গত তিন বছরের অস্বাভাবিক শংসাপত্র বৃদ্ধির হার খতিয়ে দেখে একটি স্বচ্ছ তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। ভুয়ো সার্টিফিকেটধারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে ডিপোর্ট করার প্রক্রিয়াও ত্বরান্বিত করা হবে।