আসামে বন্যার ভয়াবহ তাণ্ডব, মৃত ৪৭ ও বাস্তুহারা ৭ লাখ মানুষ!
লাগাতার বৃষ্টি ও নদনদীর জলস্তর বৃদ্ধিতে আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যটিতে বন্যায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ জনে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৬ জনের। বর্তমানে আসামের ১১টি জেলা প্লাবিত হওয়ায় ৭ লক্ষ ২১ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ২৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ১শটিরও অধিক ত্রাণশিবির স্থাপন করা হয়েছে। এর মধ্যে শিবসাগর জেলার অবস্থা সবচেয়ে সংকটজনক এবং প্রধান নদীগুলোর জলস্তর বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার আকাশ মূলত মেঘলা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, কোচবিহার ও দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হলেও বড় ধরনের বৃষ্টির পূর্বাভাস নেই। তবে রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হতে পারে।