ভারতীয় পণ্যে ট্রাম্পের বিশাল শুল্ক, বিপাকে রপ্তানি বাণিজ্য!
যুক্তরাষ্ট্রের ওপর আমদানি নির্ভরতা কমানো এবং জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ভারত, চীন ও ব্রিটেনসহ অন্তত ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, দেশভেদে এই শুল্কের হার ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে তেল, গ্যাস এবং ‘ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তি’ (USMCA)-র আওতাভুক্ত পণ্যগুলো এই নতুন শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
শুল্ক কাঠামোর নিয়ম অনুযায়ী, যেসব দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করার নির্দিষ্ট আইন নেই, চীন, ব্রিটেন ও জাপানের মতো সেইসব দেশের পণ্যে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, ভারত, শ্রীলঙ্কা ও ইউরোপীয় ইউনিয়নের মতো যেসব দেশে এই সংক্রান্ত আইন থাকলেও তা কার্যকর করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, তাদের ওপর ১০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। ভারতের ক্ষেত্রে আগে থেকেই কার্যকর থাকা ১০ শতাংশ শুল্ক হারই বহাল রাখা হয়েছে, কারণ দেশটি জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য ভর্তুকি প্রদানকারী দেশগুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আরও এক দফা শুল্ক ঘোষণার পরিকল্পনা করছে।