ট্যাক্স ফাঁকি রুখতে নবান্নের কড়া পদক্ষেপ, রাজস্ব বাড়াতে সব দপ্তরকে কড়া নির্দেশ!

সাধারণ মানুষের ওপর নতুন করে করের বোঝা না চাপিয়ে রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল রাজ্যের প্রতিটি দপ্তরকে চিঠি পাঠিয়ে কর ফাঁকি বা ‘লিকেজ’ কমিয়ে আয় বাড়ানোর সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। নতুন সরকারের প্রথম এক মাসে বিভিন্ন দপ্তরে নজরদারি চালিয়ে ১,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এখন আবগারি, পরিবহণ, ভূমি ও ভূমিসংস্কার, পূর্ত এবং স্বাস্থ্যসহ প্রতিটি দপ্তরকে তাদের পুরোনো বকেয়া কর আদায়ের লক্ষ্যমাত্রা ও সম্ভাব্য কর ফাঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পরিবহণ দপ্তরে বছরের পর বছর ধরে জমে থাকা বকেয়া কর এবং আবগারি দপ্তরে রাজস্ব ফাঁকি রোধ করা প্রশাসনের এখন অন্যতম প্রধান লক্ষ্য। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সরকারি কোষাগারের হাল ফেরাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, আগের সরকারের আমলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোনো প্রশাসনিক গাফিলতি বা দুর্নীতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সেই শ্বেতপত্রে রাজস্ব ক্ষতির সঠিক পরিসংখ্যান তুলে ধরা হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *