আজও বৃষ্টি আর ঝোড়ো হাওয়া, আপনার জেলায় কি দুর্যোগের সতর্কতা?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওড়া, নদীয়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকার পাশাপাশি দুপুরের পর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে রবিবার থেকে পাহাড়ি জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।