সেবাশ্রয় দুর্নীতির রেশ! ভাইপোকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ শিবিরের চিকিৎসা ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিধানসভায় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে খুনের মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যে এই বিষয়ে একাধিক এফআইআর ও মামলা দায়ের করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিধানসভায় শুভেন্দু অধিকারী সেবাশ্রয় শিবিরের অনিয়ম ও রোগীদের দুর্দশার চিত্র তুলে ধরে দাবি করেন, চিকিৎসা করাতে গিয়ে অনেকেই শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। এ সময় তিনি বেশ কিছু ক্ষতিগ্রস্ত শিশু ও রোগীর শারীরিক অবস্থার ছবি প্রদর্শন করেন। অভিযোগ উঠেছে, সরকারি হাসপাতালের যন্ত্রপাতি, মেশিন ও ওষুধ অবৈধভাবে বাইরে নিয়ে গিয়ে এই শিবির চালানো হচ্ছিল। ইতিমধ্যে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশ কিছু মেডিকেল যন্ত্রসামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সিআইডি, এসটিএফ এবং মেডিকেল বিশেষজ্ঞদের নিয়ে অভিযান চলছে।