অন্নপূর্ণা যোজনায় ব্যাপক দুর্নীতি! ভুয়ো নাম বাছতে সরাসরি মাঠে নামার নির্দেশ মুখ্যমন্ত্রীর
সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-য় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দলের বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত বিজেপি পরিষদীয় দলের বৈঠকে তিনি জানান, সরকারি সুবিধার প্রকৃত দাবিদারদের বদলে অনেক অযোগ্য ব্যক্তি তালিকায় স্থান পেয়েছেন এবং দরিদ্র ও যোগ্য মানুষেরা বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের ত্রুটি স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই নিজের অসন্তোষ প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী জানান, বার্ষিক লক্ষাধিক টাকা উপার্জনকারী সচ্ছল পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যা অগ্রহণযোগ্য। এ বিষয়ে আমলা বা প্রশাসনিক আধিকারিকদের ওপর নির্ভর না করে বিধায়কদের অবিলম্বে নিজ নিজ এলাকায় গিয়ে সরেজমিনে সমীক্ষা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অযোগ্যদের বাদ দিয়ে এবং প্রকৃত যোগ্যদের অন্তর্ভুক্ত করে একটি স্বচ্ছ তালিকা তৈরির কাজে জনপ্রতিনিধিদেরই দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।