সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় আপনার লাভ কী?
আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত অভ্যন্তরীণ প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার রাজ্য বিধানসভায় এই নতুন ভাষানীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন এই নীতি অনুযায়ী, সরকারি চিঠি, বিজ্ঞপ্তি ও নথিপত্রের পাশাপাশি কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে বাংলা ও হিন্দি ভাষাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ অনুযায়ী রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষার প্রবর্তনের ফলে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের নিয়মকানুন ও নির্দেশিকা মাতৃভাষায় সহজে বুঝতে পারবেন। এছাড়া জমিজমার আইনি নথি, সরকারি দলিল, পুলিশি কাজ এবং সরকারি টেন্ডারের প্রক্রিয়া বাংলায় সম্পন্ন হলে সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবেন। সরকারি দপ্তরে স্থানীয় ভাষার গুরুত্ব বাড়লে কর্মী ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ স্থাপন সহজতর হবে এবং সদ্য ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়া বাংলার প্রাতিষ্ঠানিক বিস্তার ঘটবে।