পরকীয়া প্রেমের করুণ পরিণতি! ৬ দিন পর খাল থেকে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ
হুগলির ধনেখালিতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর সূর্যকান্ত মাঝি (২১) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মির্জানগর গ্রামের বাসিন্দা ওই যুবক গত ১৯ জুলাই বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। এই ঘটনায় ত্রিকোণ প্রেমের জেরে খুনের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমনা কোটালসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই সন্ধ্যায় শিবাই চণ্ডী স্টেশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোনোর পর সূর্যকান্তকে রাহুল রায় ও গোবিন্দ খাঁয়ের সঙ্গে দেখা গিয়েছিল। স্থানীয়দের দাবি, ওইদিন মদ্যপানের পর সূর্যকান্ত বাড়ি ফিরে ফের সাইকেল নিয়ে বেরিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, মির্জানগরের বাসিন্দা বিধবা সুমনা কোটালের সঙ্গে সূর্যকান্তের প্রেমের সম্পর্ক ছিল, যেখানে তৃতীয় পক্ষ হিসেবে গোবিন্দ খাঁয়ের উপস্থিতি নিয়ে বিবাদ শুরু হয়। নিখোঁজ হওয়ার পর পুলিশ ড্রোন ও ডুবুরি নামিয়ে মাকালপুর এলাকার একটি খাল থেকে গত শনিবার রাতে যুবকের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।