সম্পত্তি দখলের লড়াই নাকি ঠান্ডা মাথার খুন! পুনের ব্যবসায়ীর মৃত্যুতে তোলপাড়
পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সিয়া গোয়েলের ভাই সাহিল গোয়েলের ভূমিকা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। লোহগড় দুর্গে ট্রেকিংয়ের সময় কেতনকে ধাক্কা দিয়ে খাদে ফেলে হত্যার দায়ে সিয়া ও তাঁর সহযোগী চেতন চৌধুরী বর্তমানে পুলিশের কবজায়। এই হত্যাকাণ্ডে সাহিল গোয়েলের সরাসরি যুক্ত থাকার প্রমাণ না মিললেও, গোটা ষড়যন্ত্রের বিষয়ে তিনি আগে থেকেই কিছু জানতেন কি না, তা নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনা হিসেবে গণ্য হলেও, কেতনের বোনের সন্দেহের জেরে পুলিশ নতুন করে ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও জেরা করে বেরিয়ে আসে সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধুরীর ঠান্ডা মাথার পরিকল্পনা। সোশ্যাল মিডিয়ায় এই খুনের নেপথ্যে কেতনের বিপুল সম্পত্তি দখলের উদ্দেশ্য থাকার জল্পনা ছড়িয়ে পড়লেও, পুলিশ জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো শক্তপোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।