দলের নির্দেশকে বুড়ো আঙুল, বার্তার পরেও নিউ টাউনের পুজোয় দিলীপ ঘোষ!
নিউ টাউনের একটি দুর্গাপুজো কমিটিতে খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষের নাম মুখ্য উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সম্প্রতি দলীয় নেতাদের দুর্গোৎসবের দায়িত্ব সরাসরি হাতে না নেওয়ার যে বার্তা দিয়েছিলেন, এই ঘটনায় তা লঙ্ঘন হওয়ার অভিযোগ উঠছে। পঞ্চম বর্ষে পদার্পণ করা নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতির এই সিদ্ধান্ত নিয়ে এখন বিতর্ক দানা বেঁধেছে।
পুজো কমিটির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কমিটির যুগ্ম সম্পাদক পীযূষ রঞ্জন ঘোষ জানান, দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত বলেই তাঁকে এই সম্মানজনক পদে রাখা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করে তারা জানায়, পুজোর দিকনির্দেশনা ও সার্বিক উন্নয়নের জন্যই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন যে ব্যক্তিগত এলাকার পুজোর বাইরে রাজনৈতিক নেতাদের অন্য পুজোর দায়িত্ব নেওয়া উচিত নয়। এই বার্তার প্রেক্ষিতেই নিউ টাউনের বিষয়টি আলোচনায় এসেছে।