ঘরে বসেই ডিজিটাল জনগণনা! ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ‘সেলফ এনুমারেশন’ পদ্ধতি
ভারতে প্রথম ডিজিটাল জনগণনা: ১ আগস্ট থেকে শুরু সেলফ এনুমারেশন প্রক্রিয়া
ভারতে এই প্রথমবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে শুরু হতে চলেছে নতুন জনগণনা বা সেনসাস ২০২৭। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের যেকোনো নাগরিক অনলাইনেই তাঁদের পরিবারের সমস্ত তথ্য জমা দিতে পারবেন। এই ‘সেলফ এনুমারেশন’ প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষকে আর গণনাকারীর জন্য অপেক্ষা করতে হবে না। আগ্রহীরা অফিসিয়াল পোর্টাল (https://se.census.gov.in)-এ গিয়ে রাজ্য নির্বাচন ও মোবাইল নম্বর যাচাইয়ের মাধ্যমে তথ্য নথিভুক্ত করতে পারবেন। পোর্টালের নির্দেশিকা অনুযায়ী ঠিকানা প্রদান, ডিজিটাল মানচিত্রে বাড়ির অবস্থান চিহ্নিতকরণ এবং প্রশ্নাবলি পূরণের পর ফাইনাল সাবমিশন করতে হবে। একবার তথ্য সাবমিট হয়ে গেলে মোবাইলে ১১ সংখ্যার একটি ইউনিক ‘SE ID’ আসবে, যা পরবর্তীতে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে তথ্য জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এলাকাভিত্তিক গণনাকারীরা (Enumerators) বাড়ি বাড়ি সফর করবেন। এই সময় নাগরিকদের তাঁদের প্রাপ্ত ১১ সংখ্যার ইউনিক ‘SE ID’ গণনাকারীকে দেখাতে হবে। সরকারি রেকর্ডের সঙ্গে সেই আইডি মিলে গেলে অনলাইনে জমা দেওয়া তথ্য গৃহীত হবে। কোনো কারণে তথ্য না মিললে বা অনলাইনে সেলফ এনুমারেশন না করা থাকলেই কেবল গণনাকারী অ্যাপের মাধ্যমে নতুন করে তথ্য সংগ্রহ করবেন। উল্লেখ্য, অনলাইনে একবার তথ্য সাবমিট করার পর তা আর সংশোধন বা এডিট করার সুযোগ থাকবে না।