খাঁটি পেট্রল কি বাপের বাড়ি থেকে আসবে? ইথানল বিতর্কে বিস্ফোরক বিজেপি সাংসদ!
বার্তা ডেস্কঃ
পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানো (E20 নীতি) নিয়ে দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই বেফাঁস মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের রেওয়ার বিজেপি সাংসদ জনার্দন মিশ্র। ইথানল মিশ্রিত জ্বালানির বিরোধিতা করে যারা শুধুই ‘খাঁটি পেট্রল’-এর দাবি তুলছেন, তাঁদের প্রতি তোপ দেগে তিনি বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেন— “খাঁটি পেট্রল কি তোমার বাবার বাড়ি থেকে আসবে?” তাঁর এই রুক্ষ মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
কেন্দ্রের E20 নীতির পক্ষে সওয়াল
রবিবার রেওয়া বিমানবন্দরে একটি নতুন বিমান পরিষেবার শুভ সূচনায় বক্তব্য রাখছিলেন জনার্দন মিশ্র। সেখানেই মোদী সরকারের জ্বালানি নীতির পক্ষে সুর চড়িয়ে তিনি বলেন, ভারত নিজের চাহিদার মাত্র ২০ শতাংশ অপরিশোধিত তেল নিজস্ব উৎস থেকে পায়। বাকি ৮০ শতাংশ তেলই চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে পেট্রলে ইথানল মেশানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
“দেশে যখন খাঁটি পেট্রলই নেই, আসবে কোথা থেকে?”
E20 নীতির বিরোধিতাকারীদের তীব্র ভর্ৎসনা করে সাংসদ বলেন, দেশে এখন এমন এক কাল্পনিক আন্দোলন চলছে যেখানে খাঁটি পেট্রলের দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কারণে তেলবাহী জাহাজগুলিকে প্রায় ১৮ হাজার কিলোমিটার পথ ঘুরে ভারতে আসতে হচ্ছে। এর ফলে বিপুল খরচ ও সময় নষ্ট হচ্ছে। ব্রাজিলের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, সেখানে যদি ১০০ শতাংশ ইথানল দিয়ে গাড়ি চলতে পারে, তবে ভারতে কেন অযথা রাজনীতি করা হচ্ছে?
রেগে আগুন বিরোধীরা
একজন দায়িত্বশীল সাংসদের মুখ থেকে এমন কটু ও কুরুচিকর ভাষা মেনে নিতে পারছেন না বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বিরোধীদের দাবি, E20 জ্বালানির কারণে সাধারণ মানুষের গাড়ি ও ইঞ্জিনে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। জনগণের সেই খাঁটি দুশ্চিন্তাকে সমাধান করার চেষ্টা না করে, এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য করে জনার্দন মিশ্র অহংকারের পরিচয় দিয়েছেন।