স্বাস্থ্যবিমায় বড় জালিয়াতি, সাড়ে তিন হাজার হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের!
বার্তা ডেস্কঃ
আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্পে বড়সড় জালিয়াতির অভিযোগে দেশজুড়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র। নিয়ম ভেঙে জালিয়াতি করার অপরাধে কেন্দ্রের স্বাস্থ্যবিমার তালিকা থেকে একযোগে বাদ দেওয়া হয়েছে মোট ২৩৫৯টি হাসপাতালকে। পাশাপাশি, একই ধরনের গুরুতর অভিযোগে আরও ১২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। গত শুক্রবার লোকসভায় লিখিত জবাবে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। অভিযুক্ত এই হাসপাতালগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসা সংক্রান্ত বেআইনি বিল তৈরি এবং প্রতারণা রোধ করতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলিকে মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি হাসপাতালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই বিশাল দুর্নীতি পাকড়াও করতে ন্যাশনাল হেলথ অথরিটি বা এনএইচএ অত্যন্ত আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করেছে। এই প্রযুক্তির মাধ্যমেই ২৪ ঘণ্টার মধ্যে ভুয়ো বিল ও ডুপ্লিকেট ক্লেমের মতো দুর্নীতিগুলি চিহ্নিত করা হয়েছে। এর ফলে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত প্রায় ৬৭৬.১৬ কোটি টাকার আর্থিক অপচয় রোধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে গরিব পরিবারগুলি বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকে। বর্তমানে এই প্রকল্পের আওতায় ৩৪ হাজারেরও বেশি হাসপাতাল যুক্ত রয়েছে। তবে এই ব্যাপক জালিয়াতি ও কড়া পদক্ষেপের পর সাধারণ উপভোক্তাদের চিকিৎসার আগে হাসপাতালের বর্তমান তালিকা যাচাই করে নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।