অনশন ভেঙে হাসপাতালে রাঁচির ‘ওয়াংচুক’, উত্তাল ছাত্র আন্দোলন!

বার্তা ডেস্কঃ

শিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়খণ্ড। টানা ৯ দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হলো সে রাজ্যের ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোকে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে দু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে ঠিক সোনম ওয়াংচুকের মতো অনশনে বসেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ। সোমবার তাঁর রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর এদিন বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় রাঁচি। বিক্ষোভ দমাতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সিবিআই বা ইডি দিয়ে নিরপেক্ষ তদন্ত, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা না আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং গোটা ব্যবস্থার সংস্কার। এদিকে দেবেন্দ্রনাথের আমরণ অনশনের বিষয়টি জানতে পেরে তাঁকে ফোন করে স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সোনম ওয়াংচুক। সেই পরামর্শ মেনে তিনি নির্জলা অনশন ভেঙে জলপান করলেও অন্ন গ্রহণ থেকে বিরত ছিলেন, যা শেষ পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *