রাজ্য সড়কে টোটোর মরণফাঁদ, প্রাণ গেল ৫ বছরের শিশুর!
বার্তা ডেস্কঃ
নিষেধাজ্ঞা অমান্য করে রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের জেরে ফের ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় বেপরোয়া টোটোর ধাক্কায় প্রাণ হারিয়েছে পাঁচ বছরের এক শিশু। সোমবারে ঘটে যাওয়া এই আকস্মিক ঘটনায় এলাকায় তীব্র শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। কীভাবে প্রশাসনের চোখ এড়িয়ে এমন যান চলাচল করছে, সেই নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহশিক্ষকের বাড়ি থেকে পড়াশোনা শেষ করে নিজের বাড়িতে ফিরছিল শুভজিৎ বিশ্বাস নামের ওই শিশুটি। কাছারিবাড়ি এলাকা পার হওয়ার সময় ঝনঝনিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী টোটো তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়া শিশুটির শরীরের ওপর দিয়ে টোটোর চাকা চলে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পুলিশ ঘাতক টোটোচালক বিল্টু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে এবং গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।