ঝাড়খণ্ডে ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জ! গর্জে উঠলেন রাহুল গান্ধী
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তীব্র হতে থাকা ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাজ্যে জেএমএম-এর নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক দল হওয়া সত্ত্বেও, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের কড়া সমালোচনা করেছেন তিনি। রাহুল স্পষ্ট জানান, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ সম্পূর্ণ অনুচিত এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা উচিত। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদের পূর্ণ অধিকার রয়েছে এবং সরকারের উচিত অবিলম্বে শিক্ষার্থীদের দাবিগুলি সমাধান করা।
সোমবার ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিল করার সময় হাজার হাজার শিক্ষার্থী বাধা অতিক্রম করে কাছাকাছি পৌঁছে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এদিকে, ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী সুদিব্য কুমার প্রধান প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে আন্দোলন হাইজ্যাক করার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, দিল্লিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন ও গুলি চালনার ঘটনায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৈফিয়ত দাবি করেছেন রাহুল। সরকারের দেওয়া কোনও কল্পকাহিনিতে বিরোধীরা আগ্রহী নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।