রাম মন্দিরের অনুদান চুরি! কেন্দ্রকে তোপ দাগলেন অখিলেশ যাদব
বার্তা ডেস্কঃ
চলমান সংসদীয় অচলাবস্থার মধ্যেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টি (SP)-র সভাপতি অখিলেশ যাদব। অযোধ্যার রাম মন্দিরের জন্য সংগৃহীত অনুদান তছরুপের অভিযোগ এবং সম্প্রতি পেশ করা এফসিআরএ (FCRA) সংশোধনী বিল—এই দুই ইস্যুতে মোদী সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, দেশের মানুষের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িত এই সংবেদনশীল বিষয়গুলি নিয়ে অবিলম্বে সংসদে বিশেষ আলোচনা করতে হবে।
অনুদান চুরি ও বিজেপির নীরবতা নিয়ে প্রশ্ন
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব সরাসরি অভিযোগ তোলেন যে, রাম মন্দিরে পূজার সামগ্রী ও দানের টাকা চুরির ঘটনার সঙ্গে শাসকদল বিজেপির একাধিক সদস্য জড়িত। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যাঁরা মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সরকার গড়েছে, তাঁরা আজ অনুদান দুর্নীতি নিয়ে চুপ কেন? সংসদে এই নিয়ে আলোচনা করতে এত ভয় কিসের?”
এফসিআরএ বিল ও বিজেপিকে ‘ভূমি মাফিয়া’ আখ্যা
রাম মন্দির বিতর্কের পাশাপাশি এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন এসপি প্রধান। তাঁর অভিযোগ, এই বিলের আড়ালে দেশের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থাকে নিজেদের দখলে নেওয়ার চক্রান্ত চলছে। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অখিলেশ বলেন, “বিজেপি আসলে একটি বড় ‘ভূমি মাফিয়া’। ফাঁকা জমি বা পুকুর দেখলেই যেমন তারা নজর দেয়, তেমনই অযোধ্যার পবিত্র ভূমিতে ভক্তদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করে জমির দাম আকাশছোঁয়া করে তুলেছে।”
ছাত্র নিগ্রহ ও আন্দোলনের হুঁশিয়ারি
এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থী ও তরুণদের ওপর চলা পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করেন অখিলেশ। প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের ওপর দিল্লির পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগের সমালোচনা করে তিনি সতর্ক বার্তা দেন। তিনি বলেন, আজ যাঁদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, সেই ক্ষুব্ধ তরুণেরাই একদিন সংসদের গেটের সামনে এসে প্রতিবাদ গড়বে। বিরোধী দলগুলি এই সমস্ত জনস্বার্থবিষয়ক ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা চায় বলে জানান তিনি।