শেষ শ্রাবণের অঝোর বৃষ্টি! দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি
বার্তা ডেস্কঃ
শ্রাবণের শেষবেলায় ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গে। সোমবার সন্ধ্যার প্রবল বৃষ্টির রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গজুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ও জোড়া সক্রিয় অক্ষরেখার প্রভাবে বুধবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা রয়েছে। এর জেরে আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এই প্রতিকূল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ১৪ আগস্ট পর্যন্ত সমুদ্রের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষকে এই কদিন সাবধানে যাতায়াত করার ও আবহাওয়া দপ্তরের সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।