গরু পাচার কাণ্ডের সিজ করা ভবনে রহস্যজনক আগুন, নেপথ্যে কি প্রমাণ লোপাটের ছক?

বার্তা ডেস্কঃ

মুর্শিদাবাদ: গরু পাচার কাণ্ডে সিআইডি-র বাজেয়াপ্ত করা একটি পাঁচতলা ভবনে বুধবার সকালে আচমকাই ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের উমরপুরে, ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। পরিত্যক্ত ওই ভবনটি থেকে হঠাৎই ঘন কালো ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সুতি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ঘটনার পেছনের রহস্য: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটি গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসানের মার্বেল ব্যবসার সাথে যুক্ত ছিল। কালো টাকা সাদা করার অভিযোগে সিআইডি ভবনটি দীর্ঘদিন ধরে সিজ বা সিল করে রেখেছিল।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পরিত্যক্ত একটি ভবনে কীভাবে আগুন লাগল, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এটি শুধুই একটি নিছক দুর্ঘটনা, নাকি মামলার গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ নষ্ট করার জন্য পরিকল্পিত কোনো ষড়যন্ত্র—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *