আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রাশিয়ার রক্ষাকবচ কি বিচারপতি চন্দ্রচূড়!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক আইনি অঙ্গনে এক চাঞ্চল্যকর পদক্ষেপে নাম জড়াল ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়ের। ‘বার অ্যান্ড বেঞ্চ’ ও ‘গ্লোবাল আরবিট্রেশন রিভিউ’-এর রিপোর্ট অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া একটি হাই-প্রোফাইল আন্তর্জাতিক সালিশি মামলায় (Arbitration Case) রাশিয়ার মনোনীত সালিশকারক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
মামলার মূল কারণ
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে বিপুল ক্ষতির মুখে পড়ে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ‘ওশ্চাদব্যাঙ্ক’ (Oschadbank)। ১৯৯৮ সালের রাশিয়া-ইউক্রেন দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি অনুযায়ী, তাদের ধ্বংসপ্রাপ্ত ব্যাঙ্কিং পরিকাঠামো ও ব্যবসার ক্ষতিপূরণ হিসেবে রাশিয়ার কাছে কয়েকশো মিলিয়ন ডলার দাবি করে মামলাটি ঠুকেছে এই ব্যাঙ্ক।
তিন সদস্যের ট্রাইব্যুনাল
মামলার শুনানির জন্য গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালে রয়েছেন:
- প্রেসিডেন্ট: দিয়ালা জিমেনেজ (কোস্টা রিকার প্রাক্তন বাণিজ্যমন্ত্রী)
- ওশ্চাদব্যাঙ্কের প্রতিনিধি: অধ্যাপক স্তাভ্রোস ব্রেকৌলাকিস (গ্রিস)
- রাশিয়ার প্রতিনিধি: ডি ওয়াই চন্দ্রচূড় (ভারত)
উল্লেখ্য: এর আগেও রাশিয়া-ইউক্রেন সংক্রান্ত গ্যাস ও বিদ্যুৎ কো ম্পা নির দুটি আন্তর্জাতিক মামলায় রাশিয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন চন্দ্রচূড়। তবে এবার ওশ্চাদব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ মামলায় তাঁর এই উপস্থিতি বিশ্ব আইনি মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।