নেতাজিকে নিয়ে কুকথায় জিরো টলারেন্স, শুভেন্দুর হুঙ্কারের পরেই গ্রেফতার ১!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর ও আসাম্মানজনক মন্তব্য ছড়িয়ে পড়ার ঘটনায় অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। নেতাজিকে নিয়ে এই অবমাননার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, কুকথায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাঁর এই কঠোর হুঙ্কার ও নির্দেশনার পরেই রাজ্যজুড়ে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, যার জেরে তাৎক্ষণিকভাবে মোট ছয়টি এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি, সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় সমাজমাধ্যম থেকে নেতাজিকে নিয়ে ছড়ানো ১০৮টি অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর পোস্ট সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে।
তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকা থেকে কিরণকুমার দাস নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং জানিয়েছেন, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই অপপ্রচারের নেপথ্যে অন্য কোনো চক্র বা অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে। নেতাজির মতো মহান জাতীয় নায়ককে নিয়ে এমন অপপ্রচারে লাগাম টানতে পুলিশের এই ত্বরিত পদক্ষেপ সর্বমহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।