১০ দিনের আল্টিমেটাম, সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট!

বার্তা ডেস্কঃ

দলত্যাগী সাংসদদের সদস্যপদ বাতিল নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল কালীঘাট তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রতি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। প্রায় তিন সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা পড়লেও স্পিকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দলটি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকার কোনও সিদ্ধান্তে না পৌঁছালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কালীঘাট শিবির।

মূলত পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ভেঙে এনসিপিআই-তে যোগ দেওয়া বিশ জন সাংসদের সদস্যপদ খারিজের দাবিতে অনড় রয়েছে এই শিবির। একই সঙ্গে লোকসভায় তাদের আসন বিন্যাস পরিবর্তন নিয়েও স্পিকারের ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয়। যদিও অতীতে দলত্যাগ সংক্রান্ত মামলায় স্পিকারদের তিন মাসের সময়সীমা দিয়ে থাকে শীর্ষ আদালত, তবে সেই পর্যন্ত অপেক্ষা করার পক্ষপাতী নন অভিষেকরা। নির্ধারিত ডেডলাইনের মধ্যে ইতিবাচক ফলাফল না মিললে বৃহত্তর আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *