সহকর্মীদের হেনস্তার জেরেই কি চরম পদক্ষেপ! কলকাতা মেডিক্যালে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
বৃহস্পতিবার গভীর রাতে কলকাতা মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিংয়ের স্টাফ কোয়ার্টারে ব্লেড খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সহকর্মীদের সন্দেহ হয় এবং তাঁরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ সাড়া না মেলায় তাঁরা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিপিআর রুমে তাঁর চিকিৎসা চলছে এবং হাসপাতাল সূত্রে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই ঘটনার খবর পেয়ে মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়িতে বিস্তারিত জানানো হয়েছে এবং প্রশাসনিক স্তরেও খোঁজ নেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বিষয়টি শোনার পর হাসপাতাল কর্তৃপক্ষকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তথ্যে অভিযোগ উঠেছে, হাসপাতালেরই দুজন কর্মচারী তাঁকে বেশ কিছুদিন ধরে লাগাতার হেনস্তা করছিলেন। এই হেনস্তার জেরে মানসিক অবসাদ থেকেই তিনি এমন চরম পদক্ষেপ করলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।