বনগাঁয় পুলিশের জালে বড় অস্ত্র পাচারচক্র, গ্রেফতার দুই কুখ্যাত কারবারি!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের আগে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার মাঝেই বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ থেকে শহিদুল মণ্ডল এবং অনুপ খাঁ নামের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের মূল কাজ ছিল ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অস্ত্র পাচার করা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদুল অস্ত্র সংগ্রহ করে গোপন আস্তানায় মজুত করত এবং অনুপের দায়িত্ব ছিল সেগুলি দুষ্কৃতীদের হাতে পৌঁছে দেওয়া। সম্প্রতি এক বাংলাদেশি দুষ্কৃতীর কাছেও অস্ত্র বিক্রি করেছিল ধৃত অনুপ। এর আগে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় নাম জড়ানোর জেরে এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।