অস্ট্রেলিয়ান ডলারে পেমেন্টের ফাঁদ! সল্টলেকে লক্ষাধিক টাকার ফোন হাতিয়ে পুলিশের জালে গুজরাতের যুবক
বার্তা ডেস্কঃ
সল্টলেকের সিএফ ব্লকের একটি নামী মোবাইল দোকানে অনলাইন জালিয়াতির মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকার ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৬ আগস্ট গুজরাতের বাসিন্দা অভিষেক দেব নামে এক যুবক ওই দোকানে গিয়ে কো ম্পা নির নামে একটি দামী মোবাইল কেনে। সে দোকানদারকে জানায়, পেমেন্ট ভারতীয় মুদ্রায় নয়, বরং অস্ট্রেলিয়ান ডলারে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করা হবে। এরপর একটি ভুয়ো অনলাইন পেমেন্ট রসিদ দেখিয়ে সে দাবি করে যে পরবর্তী দুই ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। সহজ সরল বিশ্বাসে দোকানদার মোবাইলটি তার হাতে তুলে দেন, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকা জমা হয়নি।
টাকা না আসায় দোকানদার ওই যুবকের সাথে যোগাযোগের চেষ্টা করেন, তবে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে বিলিংয়ে ব্যবহৃত কো ম্পা নির সাথে যোগাযোগ করা হলে তারা স্পষ্ট জানায়, অভিষেক নামে তাদের কোনো কর্মী নেই এবং তারা এমন কোনো ফোন কেনেনি। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে গত ৯ আগস্ট বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্ত প্রতারক অভিষেক দেবকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনার পেছনের মূল উদ্দেশ্য এবং এর সাথে অন্য কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে।