স্বাধীনতা দিবসের আগেই লজ্জার ছবি, সরকারি ভবনে ছিঁড়ে গেল জাতীয় পতাকা!
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যখন হাওড়ার প্রশাসনিক ভবনগুলি আলোকসজ্জায় সেজে উঠেছে, ঠিক তখনই ধরা পড়ল এক চরম বৈপরীত্য। হাওড়া জেলা পরিষদের চার্চ রোডস্থিত পুরনো ভবনের ছাদে উড়ছে জীর্ণ, রং চটা ও প্রায় ছেঁড়া অবস্থায় থাকা জাতীয় পতাকা। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আবহে সরকারি ভবনে জাতীয় পতাকার এমন শোচনীয় দশা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। ভবনটির সংস্কার কাজ চললেও অ্যাকাউন্ট সেকশন সহ একাধিক দপ্তর এখনও সেখানে সক্রিয় রয়েছে, অথচ গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রতীকের অবমাননা নিয়ে প্রশাসনের উদাসীনতা স্পষ্ট।
জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতি জানান, প্রজাতন্ত্র দিবসে লাগানো পতাকাটি খাদির কাপড় হওয়ার কারণে সময়ের সঙ্গে এমন হয়েছে। তিনি দ্রুত পরিবর্তনের আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, হাওড়া ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সভাপতি সমীর বসু রায় চৌধুরী এই ঘটনাকে জাতীয় সম্মানের অপমান বলে চিহ্নিত করেছেন। তাঁর মতে, পতাকা ছেঁড়া বা সূর্যাস্তের পর না নামিয়ে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারি ভবনে এমন অবহেলা তাই প্রশাসনের দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।