আরজি কর আন্দোলনের জয়! মেধার ভিত্তিতেই এবার সিনিয়র রেসিডেন্ট পোস্টিং

বার্তা ডেস্কঃ

সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বন্ড পোস্টিংয়ে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজনৈতিক প্রতিহিংসা ও অনিয়মের অভিযোগ উড়িয়ে এবার থেকে ফের মেধার (Merit) ভিত্তিতেই কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুধ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পর রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।

নিয়ম অনুযায়ী, এমডি (MD) বা এমএস (MS) পাস করার পর সরকারি হাসপাতালে ৩ বছরের বন্ড ডিউটি করা বাধ্যতামূলক। ২০২১ ব্যাচ (২০২৪ সালে উত্তীর্ণ) পর্যন্ত কাউন্সিলিং ও সিট ম্যাট্রিক্স মেনেই এই পোস্টিং দেওয়া হতো। কিন্তু চিকিৎসকদের অভিযোগ, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে বিগত সরকার আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় ৯০০ থেকে ১০০০ জন জুনিয়র ডাক্তারকে শাস্তিমূলকভাবে এবং কোনো মেরিট লিস্ট বা কাউন্সিলিং ছাড়াই দূর-দূরান্তে পোস্টিং দেয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনগুলি। ডা: সৌভিক ঘোষ জানান, নতুন সরকার গঠনের পর একাধিকবার স্বাস্থ্যভবনে বিষয়টি নিয়ে প্রতিনিধি দল আলোচনা করে। গত ১০ জুলাই ২০২৬ তারিখে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পূর্বের অনিয়ম স্বীকার করে নিয়ে স্বচ্ছ নিয়োগের প্রতিশ্রুতি দেন।

প্রকাশিত নতুন নির্দেশিকা অনুযায়ী:

  • ৩ বছরের বন্ড ডিউটির মধ্যে প্রথম ১ বছর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে এবং পরবর্তী ২ বছর জেলা ও মহকুমা হাসপাতালে পোস্টিং দেওয়া হবে।
  • ফাইনাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রথমে একটি মেরিট লিস্ট তৈরি হবে।
  • এরপর খালি আসন বা ‘সিট ম্যাট্রিক্স’ দেখে চিকিৎসকেরা তাঁদের পছন্দ অনুযায়ী হাসপাতাল নির্বাচন (Counciling) করতে পারবেন।

দীর্ঘদিন পর মেধা অনুযায়ী বন্ড পোস্টিং চালু হওয়ায় স্বস্তি ফিরেছে তরুণ চিকিৎসকদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *