অটো-টিউন নিয়ে বিস্ফোরক সোনু নিগম!

বার্তা ডেস্কঃ

নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত যাঁর জাদুকরী কণ্ঠে বুঁদ হয়ে রয়েছে সারা দেশ, সেই সোনু নিগমও গান রেকর্ডিংয়ে অটো-টিউনের সাহায্য নেন! সাধারণ মানুষের ধারণা, যাঁদের সুরের নিখুঁত রেওয়াজ নেই তাঁরাই কেবল বেসুরো গলা ঢাকতে এই প্রযুক্তির শরণাপন্ন হন। তবে সম্প্রতি ‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে হাজির হয়ে সোনু অকপটে স্বীকার করেছেন যে তিনিও কিছু গানে অটো-টিউন ব্যবহার করেন।

তিনি জানান, আগে স্টুডিওতে সারেঙ্গি বা লাইভ স্ট্রিংসের সাথে গাওয়ার সময় সামান্য সুর এদিক-ওদিক হলেও মানিয়ে যেত। কিন্তু বর্তমান ডিজিটাল যুগের গান ৪৪০ হার্জের নিখুঁত কম্পিউটার ফ্রিকোয়েন্সিতে তৈরি হয়। আধুনিক এই যান্ত্রিক মিউজিকের সঙ্গে কণ্ঠ সামঞ্জস্যপূর্ণ রাখতে এবং পেশাদার মান বজায় রাখতেই ১ শতাংশ নিখুঁত ফিনিশিংয়ের জন্য তিনি অটো-টিউন ব্যবহার করেন।

তবে সতর্কবার্তা দিয়ে প্রবীণ এই শিল্পী জানান, অটো-টিউন কখনোই বেসুরোদের সুকণ্ঠী বানানোর জন্য নয়। প্রকৃত গায়কের ৯৯ শতাংশ যোগ্যতার পরই ১ শতাংশ অটো-টিউন সাজে। কোনো অভিনেতা শখের বশে এটি ব্যবহার করতেই পারেন, কিন্তু তাঁরা কখনো পেশাদার গায়কদের বিকল্প হতে পারবেন না।

প্রসঙ্গত, এ আর রহমানের সুরে ও জাভেদ আখতারের কথায় সানি দেওল ও প্রীতি জিন্টা অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির ‘তবাসসুম’ গানটি নিয়ে খুব শীঘ্রই শ্রোতাদের সামনে ফিরছেন এই গায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *