স্বাধীনতা দিবসের আগেই দিল্লি হাই কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি, তুঙ্গে চাঞ্চল্য!
বার্তা ডেস্কঃ
দেশজুড়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই রাজধানী দিল্লিতে তীব্র বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার একটি অজ্ঞাতপরিচয় ই-মেলের মাধ্যমে সরাসরি দিল্লি হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।১৫ই আগস্ট উপলক্ষে এমনিতেই সমগ্র রাজধানীজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে নিরাপত্তার নিরেট চাদরে মুড়ে ফেলা হয়েছে।লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।ঠিক তার আগেই আদালতের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে এমন সরাসরি হুমকি আসায় নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই উড়ো হুমকির খবর পাওয়ার পরপরই দিল্লিজুড়ে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো।শহরের সমস্ত প্রবেশ ও প্রস্থান পথে বসানো হয়েছে অতিরিক্ত নাকা তল্লাশি চৌকি।একই সঙ্গে জনসাধারণের আনাগোনা বেশি হতে পারে এমন প্রতিটি স্পর্শকাতর স্থানে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে।যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা বাহিনী যৌথভাবে শহরজুড়ে কড়া সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।