বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ!

বার্তা ডেস্কঃ

নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে চরম তোপের মুখে পড়ার পর অবশেষে সুর বদলালেন রাজ্যসভার বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। রাজ্য সরকার কর্তৃক ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি।

সম্প্রতি এক বক্তব্যে অনন্ত মহারাজ দাবি করেছিলেন, “কোচবিহারের মহারাজা যুদ্ধ করে হিটলার ও আজাদ হিন্দ ফৌজকে পরাজিত করেছিলেন এবং নেতাজি সুযোগের অপব্যবহার করেছিলেন।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তীব্র জনরোষের সৃষ্টি হয়। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নেতাজির অপমান বরদাস্ত করা হবে না। এর পরপরই বৃহস্পতিবার রাজ্য সরকার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান বাতিল করার সিদ্ধান্ত নেয়।

শুরুতে নিজের বক্তব্যের স্বপক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেছিলেন যে তিনি কেবল ‘ইতিহাসের তথ্য’ তুলে ধরেছেন এবং কাউকে অপমান করেননি। তবে সরকারের কঠোর পদক্ষেপ ও সর্বস্তরের সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হন তিনি। ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি জানান, “নেতাজির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার অনিচ্ছাকৃত কোনো বক্তব্যে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *