৩৫ বছরের আড়াল শেষ, ১৯৯১-এর জম্মু বিস্ফোরণের মূল চক্রান্তকারী এবার জালে!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ ৩৫ বছর পর ১৯৯১ সালের জম্মু রেলওয়ে স্টেশন বোমা বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত আলতাফ হুসেন শেখকে গ্রেফতার করল গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। ১৯৯১ সালের ২ এপ্রিল জম্মু স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঘটা ওই ভয়াবহ বিস্ফোরণে ২ জন আধাসামরিক জওয়ানসহ মোট ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছিলেন। ঘটনার পর থেকেই পলাতক ছিল আলতাফ।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে নিজের পরিচয় গোপন করে এক ব্যবসায়ীর ছদ্মবেশে এতদিন আত্মগোপন করেছিল সে। জিআরপির বিশেষ অভিযানের পর তাকে বিজবেহাড়া থেকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে কঠোর ‘টাডা’ (TADA) আইনে মামলা রজু করা হয়েছে।
জিআরপির এক শীর্ষ আধিকারিক জানান, এই গ্রেফতারি প্রমাণ করে বিচার পেতে দেরি হতে পারে, কিন্তু অপরাধী কখনো পার পায় না। কাশ্মীর উপত্যকার পুরনো সব বকেয়া সন্ত্রাসবাদী মামলার পুনর্নিয়ন্ত্রিত তদন্তের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। বর্তমানে ১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিত সর্বানন্দ কৌল প্রেমী হত্যা মামলা এবং সরলা ভাট হত্যাকাণ্ডের মতো একাধিক পুরনো ও সংবেদনশীল মামলারও পুনর্নবীকরণ করে দ্রুত তদন্তের জোরদার প্রক্রিয়া চলছে।